নতুনদের স্বাগত জানাতে এক আনন্দঘন পরিবেশ





 দিনাজপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ ২০২৫ – এক উজ্জ্বল, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন। মঙ্গলবার,১৬ সেপ্টেম্বর, রসায়ন বিভাগের চত্বরে বর্ণাঢ্য এই অনুষ্ঠান আয়োজন করে রসায়ন বিভাগের  The Electron Warriors Club ।


আবহাওয়ার কিছুটা বৈরিতার কারণে সময়মতো অনুষ্ঠান শুরু করা না গেলেও, শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক উপস্থিতি এবং অংশগ্রহণে অনুষ্ঠানটি রঙিন হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের রসায়ন বিভাগে স্বাগত জানাতে যে উষ্ণতা, যত্ন ও ভালোবাসা প্রয়োজন – তার কোনো ঘাটতি ছিল না এ আয়োজনে।



অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাজ্জাজ মিন সাগর ও পুঁথি রায়, যাদের প্রাণবন্ত সঞ্চালনায় মঞ্চে শুরু থেকেই প্রাণ ফিরে পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. বিপ্লব গাঙ্গুলি, সহযোগী অধ্যাপক মো. কাজীম আলী, এবং অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী।

তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও ভবিষ্যতের প্রতি আশাবাদী চেতনা ফুটে ওঠে।


The Electron Warriors Club এর সভাপতি, "নাঈমুর রহমান নাঈম" বলেন :

 

“নবীন বরণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সম্পর্ক গড়ে তোলার শুরু। আজ যারা আমাদের মাঝে যুক্ত হলো, তারা শুধু শিক্ষার্থী নয়, আমাদের পরিবারের নতুন সদস্য। এই ক্লাবের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করবো যেন রসায়ন বিভাগে একটি বন্ধুত্বপূর্ণ, সৃজনশীল এবং সম্মিলিত পরিবেশ বজায় থাকে। আমি ধন্যবাদ জানাই আমাদের পরিশ্রমী সদস্যদের, সম্মানিত শিক্ষকদের এবং প্রাণবন্ত নবীনদের – যাদের অংশগ্রহণ ছাড়া এ আয়োজন সম্ভব হতো না।”



The Electron Warriors Club এর সাধারণ সম্পাদক মো: রাকিবুল ইসলাম রাকিব বলেন  : 


“এই ক্লাব কখনোই শুধুমাত্র একটি সংগঠন নয়—এটি একটি অনুভব, একটি ভালোবাসা, একটি বন্ধন। আমরা চাই, নবীন শিক্ষার্থীরা যেন নিজেদের উৎসর্গ করতে পারে জ্ঞান, সংস্কৃতি ও বন্ধুত্বের বিকাশে। আজকের নবীন বরণ ছিল তারই এক প্রতিচ্ছবি। বৈরি আবহাওয়া আমাদের থামাতে পারেনি, বরং আমাদের আরও কাছাকাছি এনেছে। সবাইকে পাশে পেয়ে আমরা কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত।”



বক্তব্যপর্বের পরপরই উপস্থিত সবার জন্য দুপুরের খাবার এর আয়োজন করা হয়। এরপরে, বিকেল ৩টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।


সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় বিভাগের নবীণ ও প্রবীণ শিক্ষার্থীরা। গান, নৃত্য, আবৃত্তি, অভিনয়—সব মিলিয়ে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

বিশেষ চমক হিসেবে ছিলেন বিভাগের প্রিয় শিক্ষক মণীষ কুমার রায়, যিনি দুটি গান পরিবেশন করে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন।


সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় আকর্ষণীয় লটারি ড্র, যা শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আনন্দ ও উদ্দীপনা যোগ করে।


The Electron Warriors Club জানায়, “আমাদের উদ্দেশ্য ছিল নবীনদের শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি পরিবারের মতো স্বাগত জানানো। তারা যেন এই বিভাগকে নিজের ঘরের মতো ভালোবাসে এবং গর্ববোধ করে, আমরা সেই পরিবেশ তৈরি করতে চেয়েছি।”



সবমিলিয়ে, বৈরি আবহাওয়ার মাঝেও নবীন বরণ ২০২৫ প্রমাণ করেছে—ইচ্ছা আর সম্মিলিত প্রচেষ্টা থাকলে যেকোনো আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব। এই আয়োজন শুধু একদিনের অনুষ্ঠান নয়, বরং নবীনদের জন্য স্মৃতিতে গেঁথে রাখার মতো এক আত্মিক অভিজ্ঞতা।


প্রচারে 

শিবলী সাদিক স্বচ্ছ  (প্রচার সম্পাদক )

রুবায়েত রোহান  (সহ - প্রচার সম্পাদক)


Post a Comment

0 Comments